মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করতে চায় তাদের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, রিজভী আহমেদ বলেছেন- মুক্তিযুদ্ধ নিয়ে যত বিতর্ক হবে ততই সত্য বেড়িয়ে আসবে। এতেই প্রমাণিত হয় যে তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়।
তিনি বলেন, খালেদা জিয়া ও রিজভী আহমেদ মুক্তিযুদ্ধের নয় মাসকে গণ্ডগোলের বছর হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই। মুক্তিযুদ্ধ কোনো বিতর্কিত বিষয় নয়, এটি একটি প্রতিষ্ঠিত মীমাংসিত বিষয়। মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করতে চায় তাদের কথাবার্তা রাষ্ট্রদ্রোহিতার সামিল। এদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান হাসান মাহমুদ।
তিনি বলেন, ভারত এবং আমেরিকায় যখন কোনো জাতীয় বিষয়ে বিতর্ক সৃষ্টি হয় তখন সকল রাজনৈতিক দল একই সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হয়। বাংলাদেশেও এমন পরিবেশ থাকা উচিৎ।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাড. মো. জাহাঙ্গীর আলম খানেরে সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আকতারুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।
ওএফ





