নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে হিরণ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হিরণ ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব জানান, পাশাপাশি বাড়িতে বসবাস করেন হিরণ ও নুরু মিয়া। তাদের বাড়ির সামনে দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে সকালে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পরে নুরু মিয়া ও তার পরিবারের কয়েকজন মিলে শাবল দিয়ে হিরণকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘাতকদের আটকের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য লাশ ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমকে