ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নগর উত্তর সভাপতি নুরুল আমিন বলেন, অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার আয়োজন করেছে। সেই লক্ষ্যে তারা স্বাধীন বিচার বিভাগের উপর নগ্ন হস্তেক্ষেপ করতে বিচারপতিদের অভিশংসন প্রক্রিয়া সংসদের উপর ন্যস্ত করার মাধ্যমে তাদেরকে বশে আনার অপচেষ্টা চালাচ্ছে।
একই সাথে গণমাধ্যমে সরকারী দলের দুর্নীতি, অপরাজনীতি, জনস্বার্থবিরোধী কার্যকলাপ যাতে প্রকাশিত হতে না পারে তার জন্য সংবাদ মাধ্যমে সেন্সরশীপ আরোপ করতে চাইছে। তারা ভোটবিহীন নির্বাচনে জয়ী ঘোষণা করে জনগণের ভোটাধিকার হরণের মধ্য দিয়ে দেশকে একদলীয় অপশাসনের দিকে ঠেলে দিচ্ছে।
জনগণের স্বার্থ পরিপন্থিকাজ করে আওয়ামীলীগ দেশে ফ্যাসিবাদের লালন অব্যাহত রেখেছে। তিনি অবিলম্বে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র বন্ধ করে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জোর দাবী জানান।
সংসদকে অভিশংসন ক্ষমতা দেয়ার প্রতিবাদ, সম্প্রচার নীতিমালা বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ২০ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচীতে অংশগ্রহন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির নেতা সাদুর রশিদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আহমদ জাহেদুল আনোয়ার, কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর উত্তর সেক্রেটারী সালা উদ্দীন মাহমুদ, তৌহিদুল ইসলাম, সরওয়ার কামাল সিকদারপ্রমুখ।
সমাবেশে শিবির নেতৃবৃন্দ বলেন আওয়ামীলীগ বিরোধী দল, মত কখনো সহ্য করেনি। এজন্য তারা বিরোধী দলের জনপ্রিয় নেতাদের জেলে আটকে রেখেছে। নেতাদের আটক করে তারা দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
সরকারের এই ঘৃণ্য চেষ্টা দেশের জনগণ কখনো সফল হতে দিবে না। বক্তারা অবিলম্বে আটক জামায়াত নেতা মাওলানা নিজামী, মাওলানা সাঈদী, মাওলানা শামসুল ইসলামসহ আটক নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন। নগরীর বিভিন্ন পয়েন্টে ২০ দলীয় জোটের গণসংযোগ সমাবেশে শিবিরের প্রায় ১০ হাজারের অধিক কর্মী মিছিল সহকারে অংশগ্রহন করেন।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





