চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ১৭ নম্বর বাকলিয়া ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করেন। মামলা-গ্রেফতারের খড়ক উপেক্ষা করে মনজুর আলমের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
গণসংযোগকালে মনজুর আলম এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘এ নির্বাচনই শেষ নয়। এরপর জাতীয় নির্বাচনের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, ‘দেশ-জনগণ আর দলের স্বার্থের প্রশ্নে বিএনপিতে কোন মতবিরোধ নেই। জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তির প্রতিটি কর্মী তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গণতন্ত্র, জনগণের অধিকার আর নগরবাসীর কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে এখন একতাবদ্ধ। ২৮ এপ্রিলের বিজয় হবে জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিজয়।’
মনজুর আলম আরো বলেন, ‘২৮ এপ্রিল শুধু ভোট দিলে হবে না, ভোট কেন্দ্র ও ভোটের বাক্সও পাহারা দিতে হবে। রাতে ফলাফল নিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে ঘরে ফিরতে হবে।’
গত সাড়ে চার বছরে বাকলিয়া এলাকায় সবচে বেশী উন্নয়ন হয়েছে- উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরেকবার কমলালেবু প্রতীকে ভোট দিতে হবে।’
গণসংযোগকালে মহানগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক মনজুর আলমের সঙ্গে ছিলেন।
জেআই





