গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দেবেশ চন্দ্র প্রামাণিক (৫৮) নামে এক জুতা ব্যবসায়ীকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস।
এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরই মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এই তথ্য প্রকাশ করে।। এতে বলা হয়, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস এই হত্যার দায় স্বীকার করেছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেবেশ চন্দ্র প্রামাণিক ওই এলাকার মৃত জোগেশ চন্দ্র প্রামাণিকের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, সকালে মহিমাগঞ্জ বাজার মোড় এলাকার নিজ জুতার দোকানে বসেছিলেন দেবেশ চন্দ্র। এ সময় ৩-৪ জন যুবক দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।পরে এ ঘটনায় জড়িত সন্দেহে নেপেন চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশ।
কয়েকদিন আগে দেবেশের জুতার দোকানে চুরির চেষ্টা করে কয়েকজন যুবক। এ সময় তাদের ধরে ফেললে তারা বিষয়টি অস্বীকার করে দেবেশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ধারণা করা হচ্ছে এরই জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান ওসি।
ওএফ





