রাজশাহীর পুঠিয়াতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দু'জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ঝলমলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের গোলাম কিবরিয়া হাসানের স্ত্রী মিরা বেগম (৫০), আবুল হোসেনের ছেলে ও মিরা বেগমের নাতি আলামিন হোসেন (২০) ও মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদরের মফিজ উদ্দীনের ছেলে মুনসুর(৩২)।
দুর্ঘটনায় ঢাকার বিকল্প পরিবহনের সেক্রেটারি গোলাম কিবরিয়া হাসানসহ আহত হয়েছেন আরও দুজন।
নিহতের স্বজনরা জানান, ঢাকায় বসবাসকারী ভোলাহাটের গোলাম কিবরিয়া হাসান পরিবার নিয়ে এসেছিলেন ভাইয়ের কুলখানি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে শনিবার মাইক্রোসে ঢাকা ফিরছিলেন।
দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়ায় তাদের মাইক্রোবাসটি বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মিরা বেগম।
গুরুতর আহত অবস্থায় অন্যদের প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আলামিন ও মাইক্রোবাস চালক মুনসুর।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এমএ





