জেলার হোসেনপুরে স্ত্রী লাভলী আক্তারকে (২০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল গ্রাম থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গৃহবধূর লাশটি উদ্ধার করেছে পুলিশ।

লাভলী আক্তার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাদখলা গ্রামের খোকন মিয়ার মেয়ে।

এলাকাবাসীর অভিযোগ, ৮ মাস আগে উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল গ্রামের মাহবুব মিয়ার সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে দু’জনের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে বাড়িতে কেউ না থাকায় লাভলী আক্তারের স্বামী মাহবুব মিয়া স্ত্রীর মুখে বালিশ চেপে হত্যা করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

এলাকাবাসী আরও জানান, সন্ধ্যার পর থেকে মাহবুব মিয়ার বাড়িতে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা লাভলীকে ডাকতে থাকেন। কিন্তু তার কোনো সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে লাভলীর লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাভলীকে হত্যা করা হয়েছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনার পর থেকে লাভলীর স্বামীকে খুঁজ পাওয়া যাচ্ছে না।

এমকে