অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দৃঢ়তার সঙ্গে বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক যেসব অভিযোগ করেছে তা অন্যান্য প্রকল্পেও হয়।

তবে তাদের প্রকল্প থেকে একেবারে সরে যাওয়া উচিত হয়নি।

এ নিয়ে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশের পর মঙ্গলবার দুপুরে সাংবাদিকরা বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একথা বলেন।

সম্প্রতি বিশ্ব ব্যাংকের এক সভায় বলা বলা হয় যে, পদ্মা সেতুতে ব্যাংকের যুক্ত থাকা দরকার ছিলো।

মন্ত্রী বলেন, এই উপলব্ধি যদি তাদের (বিশ্ব ব্যাংকের) থাকে তাহলে যে কোনো প্রকল্প থেকে সরে যাওয়ার আগে তারা আরো সতর্ক হবে।

‘এখন তারা যদি পদ্ম‍া সেতু প্রকল্পে অংশগ্রহণ করতে চায় তাহলে আমাদের টেন্ডারের মাধ্যমেই আসতে হবে।’

এদিন মন্ত্রী শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সভাকক্ষে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ প্রধান জোহানেন্স জুৎ এবং যুক্তরাজ্যের পাবলিক লিমিটেড কোম্পানির গণসংযোগ কর্মকর্তা ডোনাল্ড তারানাক এর সঙ্গে পৃথক বৈঠক করেন।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ