পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাড়াভাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে বুধবার রাত ১টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি সহড়াতলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল বাতেন বৃহস্পতিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাড়াভাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী ভারত থেকে অবৈধভাবে আনা ফেনসিডিল নিয়ে ওই স্থানে আসে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।

পরে ৩০টি বস্তার ভেতর থেকে ১ হাজার ৪৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি সদস্যরা। উদ্ধার করা ফেনসিডিল ধ্বংসের জন্য ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দফতরে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

ইআর