জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে বেসরকারী উদ্যোগে সরকারী পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ীতে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহের এই কুঠিবাড়ীতে বসেই কালজয়ী অনেক সাহিত্য রচনা করেছেন। আর এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যগ্রন্থের কারনেই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন।
এসব কারনে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ভারতের শান্তি নিকেতনের আদলে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। খুব দ্রুত বেসরকারী উদ্যোগে সরকারী পৃষ্ঠপোষকতায় এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. আবুল আহসান চৌধুরী, অ্যাডভোকেট লালিম হক, ড. মাসুদ রহমান প্রমুখ।
এসএইচ





