কুষ্টিয়ায় আদালত চত্বরে স্থানীয় ছাত্রলীগ এবং যুবলীগের দ্বারা অবরুদ্ধ অবস্থায় আছেন 'আমার দেশের' ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

আজ কুষ্টিয়া আদালতে মানহানি মামলায় জামিন চাইতে গেলে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ মিছিল নিয়ে তাকে আদালত চত্বরে ঘিরে ফেলে। এ সময় তিনি অবরুদ্ধ হয়ে যান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখনো অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানা যায়।

তথ্য সূত্রে জানা যায়, ৫০০ ধারায় করা একটি মানহানি মামলায় জামিন চাইতে কুষ্টিয়ার আদালতে উপস্থিত হন মাহমুদুর রহমান । আদালত জামিন মঞ্জুর করে এবং পাশাপাশি তাকে কোন প্রকার হয়রানি না করার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়।

এই মামলার বাদী হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি তোষার। আদালত কার্যক্রম শেষ করে তারা বের হতে গেলে হঠাৎ করে সরকারের রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগ মিছিল নিয়ে আদালত পাড়ায় তাকে অবরুদ্ধ করে ফেলে।

এ পরিস্থিতি ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি মাহমুদুর রহমানসহ যারা আছেন তাদেরকে কক্ষে বসতে দেন।

উল্লেখ্য, মাহমুদুর রহমানের সাথে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, আইনজীবী এডভোকেট নিয়ন, শামীমুর রহমান শামীম ও রিয়াদুল ইসলাম।

 

জেড