বেড়াতে যাওয়ার কথা বলে বন্ধুদের নিয়ে প্রেমিকা ও তার বোনকে গণধর্ষণ করেছে লম্পট প্রেমিক ও তার সহযোগীরা। এই অভিযোগে পুলিশ সুমন নামের ওই প্রেমিককে গ্রেপ্তার করেছে।

শুক্রবার নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া সুমন বেশ কিছুদিন ধরে নোয়ান্নই ইউনিয়নের ১৯ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেম করছিল।

বৃহস্পতিবার বিকেলে সুমন ওই তরুণীকে বেড়ানোর কথা বলে ঘর থেকে বের হতে বলেন। ওই তরুণী তার ছোট বোনকে (১৮) নিয়ে ঘর থেকে বের হন।

বেড়াতে গেলে স্থানীয় আকবর নামের একজন ঘটনাস্থলে আসেন। তিনি অচেনা আরো নয়জনকে খবর দেন। তারা সবাই দুই বোনকে স্থানীয় বোর্ড অফিস সংলগ্ন একটি ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে ১১ জন মিলে দুই বোনকে ধর্ষণ করে পালিয়ে যায়।

যাওয়ার সময় তারা দুই বোনের কানে ও গায়ে থাকা সোনার অলংকার ছিনিয়ে নেয়। ঘটনার পর দুই বোনের চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাছান জানান, আসামি সুমন সহযোগীদের নিয়ে দুই বোনকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

সুমন ও দুই বোনকে জবানবন্দির জন্য নোয়াখালী বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।

এমকে