সাভারে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধের নাম জয়নাল আবেদিন বলে জানা যায়।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিজান প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামের মো. সাইদুল্লাহর ছেলে।
জানা গেছে, সোমবার ভোরে সপরিবারে গ্রামের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে বের হন জয়নাল। রাস্তা পার হওয়ার সময় দূরপাল্লার একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার স্বজনরা লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু নিহতের স্বজনরা লাশ নিয়ে চলে যাওয়ায় তা উদ্ধার করা সম্ভব হয়নি।
এসএইচ





