দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত এমরান হোসেন শিপনের পরিবারের পাশে এসে দাড়িয়েছে ভোলার জেলা পরিষদ।

জেলা পরিষদের পক্ষ থেকে নিহত শিপনের পরিবারকে অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে নিহত শিপনের স্ত্রী শাহনাজ বেগমের হাতে এককালীন নগদ ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।

এ সময় নিহতের ৬ মাসের শিশুপুত্র আজিম, ভাই আক্তার হোসেন রিপন, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা এবিএম শওকত ইকবাল শাহীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রবীন সাংবাদিক আবু তাহের, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল হক অনু প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু ও প্রধান নির্বাহি কর্মকর্তা এবিএম শওকত ইকবাল শাহীন কালের কন্ঠকে বলেন, পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত এমরান হোসেন শিপনের পরিবারের পাশে এসে দাড়িয়েছে ভোলার জেলা পরিষদ। তারা আরো বলেন, ভবিষ্যতে নিহত শিপনের স্ত্রী-দুই সন্তানের লেখাপড়াসহ তাদের ভোরণপোষনের জন্য তার স্ত্রীকে সেলাই মেশিন প্রদান, দক্ষতা উন্নয়নে গাভী পালন, রিকসা প্রদানসহ জেলা পরিষদের মাধ্যমে নিহত পরিবারকে পূনর্বাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের টানা হরতাল-অবরোধের ৫৬ দিনে গত ৩ মার্চ সোমবার সকালে রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এমরান হোসেন শিপন। তিনি ওই ট্রাকের চালক ছিলেন। নিহত শিপন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া গ্রামের কৃষক আব্দুল মান্নানের ছেলে।

এসএইচ