উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বন্যার পানির চাপে নওগাঁ-আত্রাই সড়কের মিরাপুর নামক স্থানে ১০০ ফুট সড়ক ভেঙে নওগাঁর জেলা সদরের সাথে আত্রাই উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর ফলে রানীনগর ও আত্রাই উপজেলার নান্দাইবাড়ী, মালঞ্চী, কৃষ্ণপুর, গোষগ্রাম, মিরাপুর, বড়কালিকাপুর, বাশবাড়িয়া, শুটকিগাছা, মির্জাপুর, শিমরা ও ভোপাড়াসহসহ নতুন করে আরও ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
গত ২ দিনে বন্যার পানিতে রানীনগর ও আত্রাই উপজেলার ৩০ গ্রামের প্রায় দুই লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া প্রায় পাঁচ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। সেই সঙ্গে প্রায় দুই হাজার হেক্টর আমন ধানের জমি তলিয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে নওগাঁ শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পানি বিপদ সীমার ৪১ সেন্টিমিটার ও আত্রাই নদীর পানি বিপদ সীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





