ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি সমর্থক ইউপি চেয়ারম্যান ওয়ারেচ আলী খান ও ৬ মেম্বারকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, রাতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন টিনসেটের ভূমি অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা জানালা দিয়ে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়।
আগুনের লেলিহান শিখা দেখে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে আগুন নেভানোর আগেই ইউনিয়ন ভূমি অফিসের অধিকাংশ জরুরি নথিপত্র পুড়ে যায়।
খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝালকাঠি সদর থানার ওসি শীল মনি চাকমা জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আতাহার মিয়া জানান, আগুনে এ ইউনিয়নের ১৪টি মৌজার ২৬টি বালাম বইসহ ৯৯ ভাগ পুড়ে গেছে। পেট্রোল জাতীয় কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এআর/ইআর





