চরম ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থীর পাঠদান। এতে যেকোন সময় বড় কোন দুর্ঘটনায় বিপন্ন হতে পারে শিক্ষকসহ শিশু শিক্ষার্থীদের জীবন। জেলার চাটখিল পৌর এলাকার টবগা আজম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত কয়েক বছর ধরে এ অবস্থা চললেও- দেখার যেন কেউ নেই।

সরেজমিন দেখা যায়, বিদ্যালয় ভবনটি এতটাই জীর্ণশীর্ণ যে  তা সম্পূর্ণরূপেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খসে পড়ছে  দেয়ালের পলেস্তারা। ছাদেও বড় বড় ফাটল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল জানান, বিদ্যালয়টির দুটি ভবনের মধ্যে টিনশেড ভবনটি অনেক আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সেটাকে কোন রকমে দাঁড় করানো হয়। এ অবস্থায়, যেকোন মুহূর্তে এটি ধসে পড়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুজ্জামান ভুঁইয়া বলেন, পৌরসভার গুরুত্বপূর্ণ ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রও এই বিদ্যালয়টি। অথচ এর প্রতি প্রশাসনের নজর না থাকাটা  দুঃখজনক। তিনি বলেন, শিক্ষকরা বাধ্য হচেছন ঝুঁকিপূর্ণ ভবনেই  পাঠদান করতে।

পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুল মান্নান ভুঁইয়া বিদ্যালয়টির এই ঝুঁকিপূর্ণ অবস্থার কথা স্বীকার করে জানান,  এ ব্যাপারে সরকারের ভিবিন্ন দপ্তরে বার বার ধরনা দিয়েও কাক্সিক্ষত ফল পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সেলিম জানান, বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

জেআই