ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান খানকে গ্রেফতার করা হয়েছে। বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।সে সময় তার কাছ থেকে ২ হাজার ভারতীয় রুপি ও একটি ভারতীয় মোবাইল সিম উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম আজিজুর রহমান খানের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজিজুর রহমান ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও প্রত্যক্ষ ভাবে জড়িত। ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে রোববার দুপুরে তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।
উলেখ্য গত ১ নভেম্বর দিবাগত রাতে ১৫ লাখ টাকার চুক্তিতে ঝিনাইদহ-৪ এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যা প্রচেষ্টা চালায় ৮ দুর্বৃত্ত। ঘটনায় এমপি আনারের পিএস আব্দুর রউফ বাদি হয়ে ২ নভেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩ জনসহ মোট ৮ জনকে আসামি করা হয়। আসামী আবু সাঈদকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী (সার্ভেয়ার সহকারি) কওছার আলীকে গ্রেফতার করে।
এ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান খানসহ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাবিব/নাজিব





