রংপুরের মিঠাপুকুরে নিরালা পরিবহন নামে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে একজন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। নিহতের নাম এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে ২২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুরের বৈরীগঞ্জে বৃহস্পতিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল জানান, শুক্রবার রাত প্রায় পৌনে ২টার দিকে ঢাকা থেকে যাত্রীবাহী নৈশকোচ নিরালা পরিবহন (ঢাকামেট্রো- ব- ১১-০৫২) নীলফামারী জেলার জলঢাকায় যাওয়ার পথে দ্রুতগতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা একজন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও এলাকাবাসী আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জনকে ভর্তি করা হয়েছে বলে রংপুরের ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই মোহাম্মদ কিবরিয়া নিশ্চিত করেছেন। তিনি হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ৮-৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

এমআর