অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে বুধবার বিকেলে নামছে বিদেশি এয়ার।

সংযুক্ত আরব আমিরাত থেকে ১৬২ জন যাত্রী নিয়ে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল ৪টা ৪০ মিনিটে ওসমানীতে অবতরণ করবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ওসমানী বিমানবন্দরে কোনোও বিদেশি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করবে।

ওসমানী বিমাবন্দর সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৪০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ৭৩৭ বোয়িংটি দুবাই থেকে যাত্রী নিয়ে সরাসরি সিলেটে এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। পরে ওসমানী বিমাবন্দরে সদ্য নির্মিত রিফুয়েলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে বিকেল ৫টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে ফের দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি।

ইতিমধ্যে সিলেট-দুবাই ফ্লাইটের জন্য বিমানের ১৬২টি সিটই বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে বিমাবন্দর কর্তৃপক্ষ।

এমএজি ওসমানী বিমাবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান- বুধবার বিকেলে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই থেকে যাত্রী নিয়ে সিলেটে আসার কথা রয়েছে। পরে যাত্রী নিয়ে ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ওসমানীকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রিফুয়েলিং স্টেশন না থাকায় ওসমানী থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু সম্ভব হয়নি। তবে মার্চ মাসেই ওসমানীতে রিফুয়েলিং স্টেশন নির্মাণ কাজ শেষ হয়েছে। ফলে এখন থেকে বিদেশি এয়ারবাস ওসমানীতে অবতরণ বা উড্ডয়নের ক্ষেত্রে কোনো সমস্যা থাকল না।

এএইচ