দিনাজপুরের বড়পুকুরিয়ার ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন কয়লা হরিলুটের অভিযোগ তদন্তে খনির আরও ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে তদন্ত কমিটির প্রধান ও সংস্থাটির উপ-পরিচালক শামছুল আলম তাদের জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. খলিলুর রহমান; সাবেক মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) আব্দুল মান্নান পাটোয়ারি ও গোপাল চন্দ্র সাহা; ব্যবস্থাপক (হিসাব) সারোয়ার হোসেন; ব্যবস্থাপক (সেলস ও রেভিনিউ কালেকশন) মো. কামরুল হাসান; উপব্যবস্থাপক (মার্কেটিং ও কাস্টমার সার্ভিসেস) মোহাম্মদ নোমান প্রধানীয়া; সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম সিরাজুল ইসলাম ও শরিফুল আলম এবং সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) আল আমিনকে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৫ দফায় সাবেক ৫ ব্যবস্থাপনা পরিচালকসহ ২৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।
এক লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কয়লা ঘাটতির অভিযোগে ১৯ জনকে আসামি করে গত ২৪ জুলাই দিনাজপুরের পার্বতীপুর থানায় একটি মামলা করা হয়। তফসিলভুক্ত হওয়ায় অভিযোগ তদন্ত করছে দুদক।





