রামপুরায় দু'পক্ষের সংঘর্ষে শিশুসহ মোট ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে দুই শিশু গুলিবিদ্ধ হওয়ার পর সর্বশেষ ওই এলাকার উলন ১২নং গলির বাসিন্দা মো. ফাইজুলের ছেলে স্থানীয় পানি ব্যবসায়ী মো. রাব্বী(২৪) গুলিবিদ্ধ হয়। রাত ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
আহত রাব্বি ব্যবসায়িক কাজ সেরে রাজধানীর রামপুরার বাগিচারটেক এলাকা দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। এর আগে পথচারী দুই শিশু গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
গুলিবিদ্ধ শিশুরা হলো- বাগিচারটেক এলাকার ১নং গলির শামসু মিয়ার টিনসেড বাসার ভাড়াটিয়া সিএনজি অটোরিকশা চালক চাঁন মিয়ার ছেলে আবদুল মালেক (৭) ও মনির হোসেনের ছেলে স্থানীয় টেইলার্স দোকানের অ্যামব্রয়ডারি কাজের শ্রমিক মো. সোহেল (১২)।
তাদের উভয়েরই বাম পায়ে গুলি লাগে। এর মধ্যে আবদুল মালেকের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার রামকৃষ্ণপুরে। সে তার বাবার কাছে ঢাকায় বেড়াতে আসে। তার বাম পায়ে হাঁটুর উপরে ২টা গুলির চিহ্ন রয়েছে। আর সোহেলের বাম হাঁটুর নিচে ১টি গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশের ঢামেক মেডিকেল ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন
আবদুল মালেকের বাবা চাঁন মিয়া জানান, আনুমানিক সোয়া ৭টা দিকে ওই এলাকায় কিসের যেনো একটা গণ্ডগোল চলছিল। সেখানে অনেক লোকজন। গোলাগুলি হচ্ছিল। খেলাধুলা শেষে রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাওয়ার সময় আবদুল মালেক গুলিবিদ্ধ হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার জানান, দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলটি রমনা এলাকায়।
জেড





