কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বান্দরবানের সিসিডিআর (সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ) নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয় ঘেরাও করে তিনকর্মীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা।

শুক্রবার বান্দরবান মধ্যম পাড়া এলাকার শাখা কার্যালয় থেকে গ্রাহকরা ওই তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। আটকরা হলেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ম্যাকাউ মারমা, মাঠকর্মী ববী বড়ুয়া ও সীমা বিশ্বাস।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার রাঙামাটি জেলায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংস্থাটির চেয়ারম্যানসহ তিনজনকে আটক করে পুলিশ। বিষয়টি জানাজানি হয়ে শুক্রবার বান্দরবান শাখা অফিস ঘেড়াও করে গ্রাহকরা।

পরে গ্রাহকরা ওই তিনকর্মীর কাছ থেকে টাকা ফেরতের দাবি করলে তারা টাকা দিতে অপরাগতা প্রকাশ করে। পরে উত্তেজিত জনতা ওই তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশের হাতে আটক হওয়া সিসিডিআর এর বান্দরবান শাখা অফিসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ম্যাকাউ মারমা বলেন, ‘গ্রাহকদের টাকা ফেরতের বিষয়টি সংস্থাটির নির্বাহী পরিচালক এবং এরিয়ার ম্যানেজারকে কয়েক বার অবহিত করেছি। কিন্তু তাদের থেকে আশানুরুপ ফল পায়নি।’


তিনি আরও বলেন, ‘২০০৭ সাল থেকে বান্দরবানে সংস্থাটি বিভিন্ন মেয়াদি সঞ্চয় ও ঋণ কার্যক্রম চালিয়ে আসছে । জেলায় ১ হাজার ৬ শত গ্রাহকের মাঝে সঞ্চয় ও ঋণ কার্যক্রম চালু রয়েছে।’

জেলার জাদি পাড়া এলাকার গ্রাহক উসাচিং মারমা বলেন, ‘সংস্থাটি আমার থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানে ম্যানেজারকে অনেকবার টাকা ফেরত দেওয়ার জন্য বলেছি কিন্তু আমার টাকা ফেরত দেয়নি।’

জেলার কলা পাড়া এলাকার আরেকজন গ্রাহক বংশু মারশা অভিযোগ করে বলেন, ‘আমার জমানো সব টাকা তারা হাতিয়ে নিয়েছে। টাকার জন্য অনেক বার সংস্থাটির অফিসে এসেছি। কিন্তু এক টাকাও ফেরত পায়নি।’

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, ‘সংস্থাটির তিন কর্মীকে আমরা আটক করেছি । গ্রাহকরা থানায় এসে যদি লিখিত অভিযোগ করে তাহলে আমরা সব ধরনের আইনগত ব্যবস্থা নেব।’

এমএনজে