দুদকের মামলায় বিনা দোষে জাহালমের ৩ বছর কারাভোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।   

আজ (০৪ ফেব্রুয়ারি) সোমবার এই তথ্য জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান বলেন, জাহালমের ঘটনায় দুদকের তদন্তকারী কর্মকর্তাদের যদি কোনো গাফিলতি থেকে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা জজ পদমর্যাদার দুদকের একজর পরিচালককে প্রধান করে কমিটি করা হয়েছে।

দুদকের ভুলে ৩ বছর কারাভোগের পর গতকাল (০৩ ফেব্রুয়ারি) রোববার রাত ১টার দিকে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান জাহালম। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির মামলা থেকে জাহালমকে ১দিনের মধ্যেই অব্যাহতি দিয়ে গতকাল  সকালে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।  

মূল আসামি আবু সালেকের বদলে জাহালমকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়।

রাতে মুক্তি পাওয়ার পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকের জাহালম বলেন, “আমাকে বিনা বিচারে আটকে রেখেছে। আমি দুদকের বিচার চাই। ক্ষতিপূরণ চাই।”যাদের জন্য বিনা বিচারে জেলে আটকে ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।  

উল্লেখ্য, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদক সালেকের বদলে ৩ বছর কারাগারে কাটাতে হয়েছে টাঙ্গাইলের জাহালমকে।  

এমবি