বরিশালের বাকেরগঞ্জে নাতির অস্ত্রের আঘাতে সেতারা বেগম(৬০) নামে এক নানীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেতারা বেগম বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের পোরাতিনা গ্রামের বাসিন্দা ইসমাইল শরীফের স্ত্রী।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে বসে সেতারা বেগমের সঙ্গে নাতি সুজনের (১৮) বাক-বিতণ্ডা হয়। এর একপর্যায়ে নাতি সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র (দা) দিয়ে নানীকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা সেতারা বেগমকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। সুজন সেতারা বেগমের মেয়ে পারভিন বেগমের ছেলে।
লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই মোশারেফ হোসেন।
ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ





