সারাদেশে বাজার মনিটরিংয়ের পরও রমজানের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে বাজারে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম।

বরিশালের বটতলা বাজারে প্রতি কেজি রসুনের দাম ৩০ টাকা বেড়ে একশ' ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেড়েছে আদার দামও। ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশ' ৬০ টাকায়। ২ টাকা বেড়ে চিনি ৫৪ টাকায় বিক্রি হচ্ছে।

সবধরনের মসুরের ডাল কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, রমজান উপলক্ষে প্রতিটি পণ্যের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

সিলেটের বাজারেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। শসা ও টমেটো ৫০ থেকে ৬০ টাকা, ধনেপাতা ১শ' টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিভিন্ন প্রকার মাছের দাম কেজি প্রতি বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। ২০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫শ' টাকায়। আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা।

এএস