বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। সকালে জাতীয় ঈদগাহে প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নামাজ শেষে দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। সারা বিশ্বের মানুষের বিশেষ করে মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়।

বিশ্ব মুসলিম সম্প্রদায় যেন এক হয়ে কাজ করতে পারে এবং পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে যান সেই কামনা করে দোয়া করা হয়। ইসলামের বিরুদ্ধে চলমান চক্রান্ত নস্যাতে মহান আল্লাহর সাহায্য কামনা করেও দোয়া করা হয়।

একইসাথে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়। দেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে নির্যাতিত মুসলিম জনতার উন্নতি কামনায় দোয়া করা হয়।

এদিকে, ঈদের নামাজ পড়তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। এখানে পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সকাল সাতটায় প্রথমটি এবং এর পর প্রতি এক ঘন্টা পর পর একেকটি জামাত অনুষ্ঠিত হয়। তবে, ৫ম ও সবশেষ জামাত অনুষ্ঠিত হয় ১০টা ৪৫ মিনিটে।

প্রতিটিতেই বিশাল এই মসজিদ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। মুসল্লিদের কেউ এসেছেন আশপাশের এলাকা থেকে, আবার অনেকে এসেছেন দূরদূরান্ত থেকে।

ঈদের জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। মসজিদে প্রবেশের সব গেটে তল্লাশি করে মুসল্লিদের ভেতরে যেতে দেওয়া হয়। জায়নামাজ ছাড়া অন্য কোনো বস্তু নিয়ে ঢুকতে দেওয়া হয়নি।

কেবি