নওগাঁয় নৌকাডুবিতে আব্দুল মজিদ (৬০) এবং রইচ উদ্দিন (৫০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বড় ভাই আব্দুল মজিদের লাশ উদ্ধার করা হলেও রইচ উদ্দিনের লাশ নিখোঁজ রয়েছে।

বুধবার (০৫ আগস্ট) বিকালে রাজশাহী জেলার তানোর উপজেলার কামারগাঁয় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে যাওয়ার পথে মান্দার কসবা বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দু'জনই মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক-দেবিরাম গ্রামের মৃত শরফতুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, কামারগাঁয় নৌকাবাইচ দেখতে যাওয়ার পথে কসবা বিলে নৌকা উল্টে তারা নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয় লোকজন আব্দুল মজিদকে উদ্ধার করতে সক্ষম হলেও রইচ উদ্দিন এখনও নিখোঁজ রয়েছে। নৌকার অপর চার জন যাত্রী অক্ষত আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তারেকুর রহমান সরকার জানান, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারে ডুবুরি দিয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে।

এমবি