রাজধানীর পৃথক দুটি এলাকায় দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছুরিকাঘাতে আহত ওই দুই ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে এ দুটি ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীর ভাঙাপ্রেস এলাকায় শুক্রবার রাত আড়াইটার দিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন কামাল হোসেন (৩৫) নামে এক ঝুট ব্যবসায়ী।

আহত কামাল হোসেন জানান, তিনি যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকেন এবং টংগীতে ঝুটের ব্যবসা করেন। শুক্রবার রাত ২টার দিকে তিনি টংগী থেকে সায়েদাবাদ আসেন। সেখান থেকে রিকসাযোগে বাসায় যাওয়ার পথে ভাঙাপ্রেস এলাকায় আসলে ৩-৪ জন ছিনতাকারী তার গতিরোধ করে তার হাত, পা ও পেটে ছুরিকাঘাত করে ৪৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি নিজেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।

অপরদিকে, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মো. রিপন (২৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে আহত করেছে ছিনতাইকারীরা।

তেজগাঁও থানা এলাকায় শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রিপন জানান, তিনি মিরপুর ১০ নম্বর এলাকায় থাকেন। শুক্রবার রাত দেড়টার দিকে মিরপুর থেকে কারওয়ান বাজারে আসার জন্য একটি পিকআপভ্যানে উঠেন। ওই পিকআপভ্যানে আগে থেকেই যাত্রীবেশী ৩-৪ জন ছিনতাইকারী ছিল। পিকআপভ্যানটি তেজগাঁও থানা এলাকায় আসলে ওই ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা এক লাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে কারওয়ান বাজার এলাকায় ফেলে চলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, ছরিকাহত ওই দুই ব্যবসায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এএইচ