নৌ বাহিনী প্রধান এম শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরাল পদে পদোন্নতি দেয়া হয়েছে।
আজ (০৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌ প্রধান এম শাহীন ইকবালকে নতুন র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নৌপ্রধানকে অভিনন্দন জানান। অ্যাডমিরাল শাহীন ইকবালও, তাঁকে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৫ জুলাই শাহীন ইকবাল বাংলাদেশের ১৬তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অসামান্য একাডেমিক সাফল্য ও পেশাদারির জন্য নৌবাহিনীর সর্বোচ্চ পদক (এনবিপি) এবং নৌ উৎকর্ষ পদকে (এনইউপি) ভূষিত হন তিনি।
গত ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল আলীম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে এম শাহীন ইকবালকে নিয়োগ দেওয়া হয়। পরে একই তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সেদিন আইএসপিআর জানায়, ২৫ জুলাই অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এম শাহীন ইকবাল। আগামী ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এমবি





