বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারী নজরুল ইসলাম বলেছেন, ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার শিক্ষা দেয়।
তিনি বলেন, একটি শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয় ঈদুল আযহা। আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলেই বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে।
মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) ত্যাগের যে মহান আদর্শ স্থাপন করে গিয়েছেন সেভাবে আমরাও যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেদের প্রিয়বস্তু, ধন-সম্পদ কুরবানি করার জন্য প্রস্তুত হতে পারি তাহলেই আমাদের কুরবানি স্বার্থক হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ইসলাম ধর্মের দু’টি ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। সেই সাথে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর উত্তর শিবির সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কামাল কুতুবী, আ স ম রায়হান' আবু জোবায়ের, আহসান উল্লাহ প্রমুখ।
এমবি





