কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের সামনে থেকে আটক ১১ বিদেশি নাগরিককে ছেড়ে দিয়েছে পুলিশ।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, বৈধ কাগজপত্র দেখানোর পর শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

পাসপোর্ট সঙ্গে না রাখায় বেলা আড়াইটার দিকে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের সামনে থেকে তাদের আটক করা হয়।

তাদের মধ্যে দুইজন যুক্তরাজ্যের, দুইজন ইতালির, আর নেদারল্যান্ডস, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, ব্রাজিল, বেলজিয়াম ও নরওয়ের একজন করে নাগরিক ছিলেন।

র‌্যাবের টহলদল সন্দেহজনক মনে করে তাদের আটক করে। সে সময় তারা পাসপোর্ট দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।

ওসি খায়ের বলেন, তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ (হল্যান্ড) হাসপাতালে চিকিৎসা কার্যক্রমের সঙ্গে জড়িত।

“থানায় আনার পর সংস্থাটির কর্মকর্তারা তাদের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র এনে দেখান। পরে তাদের পাসপোর্ট সঙ্গে রাখার অঙ্গীকার নিয়ে ছেড়ে দেওয়া হয়।”