নাশকতা চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে আটক জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরের দিকে তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
এসময় আদালত রোববার (৩১ জুলাই) রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আটক ব্যক্তিরা হলেন সলঙ্গা থানার আমডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রেদোয়ান হোসেন (২০), রায়গঞ্জ থানার কাজিপুর গ্রামের আবু সামার ছেলে আব্দুল হালিম (১৯), চর তেলিজানা গ্রামের বারী সেখের ছেলে রাসেল মাহমুদ (১৯), ধানগড়া গ্রামের আলী মর্তুজার ছেলে মুজাহিদুল ইসলাম জিহাদ (২১), চর তেলিজানার মৃত মতিয়ার রহমানের ছেলে এবাদুল্লাহ (২০), পূর্ব লক্ষ্মীখোলা গ্রামের আবুল কাসেমের ছেলে শফিকুল ইসলাম (২১) ও চান্দাইকোনা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী শামীমা খাতুন (৪০)।
এর আগে বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা বাজারে খোরশেদ আলমের বাড়িতে গোপন বৈঠক চলাকালে জিহাদি বই ও ককটেলসহ ওই ৭ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ।
সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মোতাহার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওএফ





