বরিশাল নগরীর সদর রোডের হোটেল এরিনা প্রাইভেট লিমিটেডের একটি কক্ষের জানালার কাঁচ (গ্লাস) ভেঙে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সুমন সিকদার (৩৫) বলে জানা যায়।
সোমবার ভোর ৪টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমন সিকদার (৩৫) নগরীর কাশীপুর ফিশারী রোডের বাসিন্দা আফতাব সিকদারের ছেলে।
রাতের দায়িত্বে থাকা হোটেলের ইনচার্জ মো. মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কাঁচ ভাঙার শব্দ পেয়ে হোটেলের পাশের রাস্তায় গিয়ে দেখেন এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন। পরে হোটেলের লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হোটেল কতৃপক্ষ জানায়, রোববার দুপুরে সুমন সিকদার ৫০৭ নম্বর কক্ষটি ভাড়া নেয়। এ সময় তার সঙ্গে শওকত নামে আরো একজন ছিলেন।
এদিকে রাতে ওই কক্ষে তল্লাশি চালিয়ে মদের বোতল ও তাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বন্ধু ওই কক্ষের আরেক বোর্ডার নগরীর বগুড়া রোডের শওকতকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বটতলা পুলিশ ফাড়ির এটিএএসআই মো. নাঈম।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহত সুমন সিকদার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে এবং মস্তিস্কে অতিরিক্ত রক্ত-ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এসএইচ





