পঞ্চগড়ে আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘণ করায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুনকে শোকজ করেছে জেলা রিটার্নিং অফিসার।

মঙ্গলবার রাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জনসভা করায় জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম তাকে শোকজ করেন।

জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে রাত ৮ টার পর শব্দ বর্ধনকারী যন্ত্রাংশ ব্যবহার করে জনসভা করায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে শোকজ করা হয়। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবেনা মর্মে পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে ।  এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল আলমের সাথে যোগাযোগ করা হলে শোকজের বিষয়টি নিশ্চিত করে জানান, শোকজের জবাবের পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার পর পঞ্চগড় জেলা শহরের জালাসী বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জনসভা করছিলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুন। জনসভায় অভিনেত্রী শমী কায়সারসহ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুনের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে  তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এমএ