পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মাধপুর নামকস্থানে বাস উল্টে এক নারীসহ দু'জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
নিহতদের মধ্যে একজনের নাম হামিদা বেগম (৫৫)। তিনি বেড়া উপজেলার আমিনপুর থানার নয়াবাড়ি গ্রামের রেজাউল করিমের স্ত্রী। নিহত অপর যুবকের নাম পরিচয় জানা যায়নি।
আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন বাস দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনামিকা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে আতাইকুলা থানার মাধপুর বাজারের পাশে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়।
এতে বাসের নিচে চাপা পড়ে এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে নিহত নারীর লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
পরে নিহতের স্বামী থানায় এসে তার স্ত্রী হামিদা বেগমের মরদেহ সনাক্ত করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অজ্ঞাত পরিচয় এক যুবককে (৩০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গুরুতর আহতদের মধ্যে তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- সাঁথিয়া উপজেলা তিরিয়াহাট গ্রামের করিম প্রামাণিকের ছেলে আবু বকর প্রামানিক (৬০), আমিনপুর থানার হরিপুর গ্রামের জিনাত প্রামানিকের ছেলে হাশেম প্রামাণিক (৪০) ও অজ্ঞাত আরেকজন।
কেএইচ





