পাবনার বেড়া উপজেলায় পাট জাগ (পচানোর) দেয়ার সময় বজ্রপাতে একই পরিবারে বাবা-ছেলে তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মৃত জুলে সরদারের ছেলে মোতালেব সরদার (৫৫) তার ছেলে ফরিদ উদ্দিন সরদার (২২), শরিফ উদ্দিন সরদার ও মৃত ফরিক উদ্দিনের ছেলে রহম আলী (৫৫)। তাঁরা সবাই বেড়া উপজেলার পাচুরিয়া গ্রামের বাসিন্দা।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী জানান, নিহত কৃষকরা বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি খুবই মর্মান্তিক একটি বিষয়।
ইউএনও আরো জানান, নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।
জেলা প্রশাসক কবির মাহমুদ স্যারের নির্দেশে ত্রান ও পুনর্বাসন শাখা থেকে নিহত প্রত্যেকের জন্য তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এএস





