ঢাকা মেট্রোপলিটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান নিজে দৌড়ে সুমন (২৫) নামের এক ছিনতাইকারীকে ধরেছেন। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি দামী স্মার্টফোন উদ্ধার করা হয়।


সোমবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে ম্যাজিস্ট্রেট মশিউর রহমান গাড়িযোগে সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারী সুমন একজনের মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। মশিউর রহমান গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন।


মারুফ হোসেন সরদার আরো জানান, পরে শেরে বাংলানগর থানা পুলিশের উপস্থিতিতেই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছিনতাইকারীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। মোবাইল ফোনের মালিক গণভবনের কর্মকর্তা বেলা রাণী রায়কে (৪৫) তার মোবাইল ফোনটি বুঝিয়ে দেন ম্যাজিস্ট্রেট।


মোবাইল ফোন পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বেলা রাণী রায় বলেন, ‘এরকম যদি সবাই এগিয়ে আসে, তাহলে ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।’

এম আর