বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে উলানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীর একটি চরে মৃতদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
মৃতদেহটি মুন্সীগঞ্জে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬’এর নিখোঁজ যাত্রী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মাওয়ায় অবস্থিত প্রশাসনের তথ্য সেলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান ওসি। এ নিয়ে বরিশালের বিভিন্ন নদী থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হলো।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





