কুড়িগ্রাম বাজারের কাপড়পট্টিতে আগুন লেগে ১২টি দোকান ও গুদাম পুড়ে গেছে। এতে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

বুধবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে কুড়িগ্রাম শহরের কাপড়পট্টির আড়ং ফেব্রিক্সের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে দু’টি এবং উলিপুর, নাগেশ্বরী ও লালমনিরহাট দমকল বাহিনীর পাঁচটি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

কিন্তু তার আগেই মালপত্রসহ পাঁচটি দোকান সম্পূর্ণ ও সাতটি দোকান আংশিক পুড়ে গেছে। এছাড়া দোকানগুলোর পেছনের দিকে থাকা গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

কুড়িগ্রাম বস্ত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের দাবি, আগুনে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম দমকল বাহিনীর সহকারী উপ-পরিচালক সিরাজুল ইসলাম জানান, কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এছাড়া আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাও নিরুপণ করা যায়নি।

কেএইচ