প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা শিশুদের পুড়িয়ে মারে, স্কুলে যেতে বাধা দেয় তাদের ক্ষমা নেই। যারা শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির মর্যাদা রক্ষায় আমাদের সরকার কাজ করছে।
সন্ত্রাস-সহিংসতা দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা আটকানো যাবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নত দেশ চাই, শান্তিপূর্ণ সমাজ চাই। আমাদের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে।
উপস্থিত শিশু-কিশোরদের নিয়মানুবর্তিতার প্রতি গুরুত্ব দিতে পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, তোমরা দেশ-বিদেশে সুনাম অর্জন করবে- সেটাই আমাদের লক্ষ্য। তোমরা বাবা-মা, শিক্ষকদের কথা শুনবে। আমিও তোমাদের মতো একদিন শিশু ছিলাম। তোমাদের মধ্য থেকেই একদিন কেউ প্রধানমন্ত্রী হবে।
বিশ্বের যে কোনো দেশে প্রতিযোগিতায় বাংলাদেশের শিশু-কিশোরদের সাফল্য কামনা করে শেখ হাসিনা বলেন, দেশের প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্টেডিয়ামে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিএনসিসি, ঢাকা জেলা নৌ স্কাউট, ভারতেশ্বরী হোমস, শহীদ আব্দুর জব্বার আনসার ও ভিডিপি স্কুল ও কলেজ, ভিকারুন্নিসা স্কুল ও কলেজ, বাংলাদেশ ফিমেল অ্যাকাডেমি, তেজগাঁও শিশু পরিবারসহ ৪৬টি প্রতিষ্ঠান প্যারেডে অংশ নেয়। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন।
এআর





