গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

নিহত শাহজাহান মিয়া (৩৫) সিংজানি গ্রামের সাবেদ আলীর ছেলে। আলেফা বেগম (৫৩) বামনকুড়ি গ্রামের আবু মিয়ার স্ত্রী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক বলেন, বৃহস্পতিবার বিকালে ঢাকা-রংপুর মহাসড়কের বৈঠাখালি এলাকায় যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় হানিফ এন্টারপ্রাইজের রংপুরগামী একটি যাত্রীবাহী কোচ এক অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে দু'জনকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন।

একই সময় ওই কোচ বা অটোরিকশার ধাক্কায় দুই শিশুসহ তিনজন আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি এনামুল হক।

আহতরা হলেন ফিরোজা বেগম ও তার দুই বছরের জমজ সন্তান জোবায়ের আলী ও মোসাম্মাৎ তানহা। ওসি এনামুল হক তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

নিহত দুইজনের লাশ ও ঘাতক কোচটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ওসি এনামুল হক। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।

কেএইচ