দেশে করোনা মহামারির সংক্রমণ নিয়ন্ত্রণে ৭ দিনের কঠোর বিধিনিষেধের ২ দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে।

আজ শুক্রবার (২ জুলাই) সকালে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে রাজধানীর সড়কগুলো বৃহস্পতিবারের তুলনায় অনেক বেশি ফাঁকা ছিল। রাজধানীর বিভিন্ন সড়কে বৃহস্পতিবারের তুলনায় ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল কম, তবে রিকশা ছিল প্রচুর।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সড়কগুলোতে দায়িত্বপালন করতে দেখা গেছে । আজ ভোর থেকে শুরু হওয়া প্রচন্ড বৃষ্টিতে সাধারণ জনগণের উপস্থিতি খুবই কম থাকলেও তারা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

চেকপোস্টে দায়িত্ব পালনের সময় বৃষ্টিতে ভিজেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে বের হওয়া জনসাধারনকে জিজ্ঞাসাবাদ করেছেন। কোনো কোনো চেকপোস্টে বৃষ্টি থেকে বাঁচার উপায় না থাকায় খানিকটা দূরে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়েই দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের।

এছাড়াও পুলিশের পাশাপাশি সড়কগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যদের পেট্রোলিং করতে দেখা গেছে। যৌক্তিক ও সন্তোষজনক কারণ না দেখাতে পারলে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য বলছেন, গতকাল লকডাউনের ১ম দিনে কঠোর অবস্থানে ছিল পুলিশ। আজ বেশিরভাগ ক্ষেত্রে রাস্তায় বের হওয়া মানুষদের সচেতন করার চেষ্টা করছেন তারা। সকাল থেকে মানুষজন কম থাকলেও বিকেলের দিকে মানুষ এবং গাড়ির সংখ্যা বাড়তে পারে পুলিশ বলছে।

চলমান লকডাউন অমান্য করে প্রথম দিন অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে রাজধানীতে পুলিশের আটটি বিভাগ অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত চালানো এসব অভিযানে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগের ৫১টি থানা এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ২১২ জনকে জরিমানা করা হয়েছে। মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে ৩৯১ জনকে।

এইচএন