দীর্ঘ ২৩ ঘণ্টা পর শাহাজাহানপুরে পানির পাইপ থেকে শিশু জিহাদের লাশ উদ্ধার করা হলেও এখন তার বাবা নাসির উদ্দিনকে পাওয়া যাচ্ছে না।

শনিবার বিকাল চারটায় জিহাদকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সঙ্গে ছিলেন নাসির। হাসপাতালেও তিনি সন্তানের সঙ্গে ছিলেন। জিহাদ মৃত ঘোষণার সময়ও তিনি সেখানে ছিলেন।

পরে গণমাধ্যম কর্মীরা তাকে হাসপাতালের বিভিন্ন জায়গা, মর্গ, জরুরী বিভাগ, শাহজাহানপুর থানা ও বাসায় জিহাদের বাবা নাসির উদ্দিনকে খোঁজ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। স্বজনেরাও জানাতে পারেননি তিনি কোথায়। তাঁরা দাবি করেন, আগে থেকেই নাসির পুলিশের হেফাজতে আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে জিহাদকে মৃত ঘোষণার পর পুলিশের পিকআপ ভ্যানে নাসির উদ্দিনকে তুলে নেয়া হয়।

কিন্তু এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান মতিঝিল বিভাগের উপকমিশনারের বরাত দিয়ে জানান, শিশুটিকে উদ্ধারের পর তার বাবাকে ছেড়ে দেওয়া হয়। তিনি কোথায় আছেন, পুলিশ জানে না।

শিশু জিহাদকে উদ্ধারের পর তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, মা খাদিজা আক্তার আহাজারি করছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ যাঁরা জিহাদকে উদ্ধার করার নামে বিভিন্ন ধরনের কথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি তাঁদের বিচার চাই।’

তিনি বলেন, ‘তাঁরা যদি বিভিন্ন ধরনের কথা না বলতেন, যদি ভালোভাবে খুঁজে দেখতেন, তাহলে আমার বাচ্চাকে আমি কালকেই পেতাম।’

জিহাদের মা অভিযোগ করেন, শুক্রবার রাতে তাঁর স্বামী ও ভাইকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জেডআই