চার দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উচ্চ পর্যায়ের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত গেছেন। সোমবার দুপুর ১২টায় প্রতিনিধি দলটি যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।
সকালে বিজিবির প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে পৌঁছালে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানায়। পরে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তাদের কলকাতার উদ্দেশ্যে নিয়ে যান বিএসএফ কর্মকর্তারা।
যশোরে কর্মরত বিজিবি কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (রিজিউন কমান্ডার) শহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন, বিগ্রেডিয়ার জেনারেল রিজিউন কমান্ডার রংপুরের মাহাফুজুর রহমান, খুলনা সেক্টর কমান্ডার খলিলুর রহমান, রংপুর সেক্টর কমান্ডার জুলফিকার আলী,
কুষ্টিয়া সেক্টর কমান্ডার হালা হান মাং, দিনাজপুর সেক্টর কমান্ডার আব্দুর রাজ্জাক তরফদার, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার আকরামুল হক, রাজশাহী সেক্টর কমান্ডার ফেরদুসুল সাহাবসহ বিজিবির ১০ জন স্টাফ অফিসার।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের মধ্যে সীমান্ত রক্ষায় বিভিন্ন কৌশল নিয়ে পারস্পরিক আলোচনা হবে। এতে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সু-সম্পর্ক আরো জোরদার হবে। সীমান্তে হত্যা, সন্ত্রাসী অনুপ্রবেশ, নারী-শিশু পাচার ও মাদকের চোরাচালান কমবে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম বিজিবি কর্মকর্তাদের ভারত সফরের বিষয়ে বলেন, ১১ জুন সম্মেলন শেষে প্রতিনিধি দলটি স্বদেশ ফিরবে।
এআর





