মুন্সীগঞ্জ সদরে যুবলীগের দুইগ্রুপের গোলাগুলিতে পথচারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

সদর উপজেলার মালিরপাথর এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগকর্মী ইমরান হোসেন ও বাদশা মিয়ার সমর্থিত গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. সানী মাদবরকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত ফয়সালকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানী মালিরপাথর এলাকার সহিদ মাদবরের ছেলে এবং ফয়সাল একই এলাকার মনির হোসেনের ছেলে।

জেলা পুলিশের সদর সার্কেল এএসপি এমদাদ হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের ওই দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে দুপুর আড়াইটা থেকে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

জেআই