কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে ইন্দ্রজিৎ ভৌমিকের বাড়িতে দুর্গাপূজার প্রসাদ খেয়ে দুই পুরোহিতসহ ৪০জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ১২জন কটিয়াদি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলেন -সংগ্রাম ভৌমিক, ঊমা ভৌমিক, শৈশব দাস, বিজয় চক্রবর্তী, অনুপ ভৌমিক, মনি ভৌমিক, মনা ভৌমিক, পল্টন ভৌমিক, নিয়তি রানী ভৌমিক, বীনা ভৌমিক, অজিত। বাকি আহতরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, উপজেলার আচমিতা ইউনিয়নে ইন্দ্রজিৎ ভৌমিকের বাড়িতে দুর্গাপূজার প্রসাদ খেয়ে পেটের ব্যাথা, বমি ও ডায়রিয়াসহ অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় সন্ধ্যা নাগাদ ১২ জনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্য সংগ্রাম ভৌমিক জানান, প্রসাদ খেয়ে পুরোহিত, বাবুর্চি, কাজের লোকসহ আনুমানিক ৪০ জন অসুস্থ হয়েছেন। অতিরিক্ত গরমের কারণেও এরকম হতে পারে বলে ধারণা করেন তিনি।

কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. শামীম আহমেদ ঘটনা নিশ্চিত করে জানান, খাদ্যে ভেজালের কারণে তারা অসুস্থ হতে পারে। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার মত যন্ত্র না থাকায় সঠিক কিছু বলা যাচ্ছে না।

কেএইচ