বৃষ্টি অনেক সময় মধুর হয়। আবার অনেক সময় হয় বিরক্তির কারণ। একেকজন মানুষের কাছে একেকরকম। যদি কোন কাজ না থাকে তবে, সকালের বৃষ্টিটা খারাপ কিছু না্। জমিয়ে একটা ঘুম দেয়া যায়। আর যদি অফিসে যাওয়ার তাড়া থাকে, তো বৃষ্টির মিষ্টি ফোঁটাগুলো অসহ্য না হয়ে কি আর পারে!
আজকের সকালের বৃষ্টিও এর ব্যতিক্রম নয়। রাজধানীর অফিগামী মানুষের বিড়ম্বনার কথা না বললেই নয়। সাজ সকালে একটু ফ্রেশ মনে অফিস শুরু করবে, না বৃষ্টিতে ভিজে চুপচুপ।
আজ মঙ্গলবার সাজ সকালের বৃষ্টিতে অসংখ্য মানুষ বিড়ম্বনায় পড়েছেন। জীবিকার প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজছেন। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি অফিসগামী অনেককেই বৃষ্টিতে ভিজে পথ চলতে দেখা গেছে। আর বৃষ্টির কারণে স্বাভাবিকের চেয়ে একটু বেশীই জ্যাম। তাই সময়মত কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে না পারার আক্ষেপ তো আছেই।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাগজের কার্টন মাথায় দিয়ে বৃষ্টির কবল থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছিলেন সেলিম নামে শ্রমজীবী এক যুবক। এভাবে দিনমজুরদের কষ্টের পরিমাণটা অন্য যে কারো থেকেই বেশী। এক তো বৃষ্টিতে ভিজতে হয়। আবার আয় রোজগারের পরিমাণটাও কমে যায়।
আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় রাজধানীতে মঙ্গলবার সারা দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এএইচ





