সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার ঘটনায় গ্রেফতার আবুল খায়েরকে আরও সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে আবুল খায়েরকে হাজির করে বুধবার সকালে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী। বিচারক সাহেদুল করিম শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে আবুল খায়েরকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ১ সেপ্টেম্বর রাতে সিলেটের টুকেরবাজার থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ আবুল খায়েরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর খায়েরকে ২ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট আদালতের হাজির করে সাত দিনের রিমান্ডে নেয় সিআইডি। একই দিনে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন মান্নান রাহি। গত ২৮ আগস্ট কানাইঘাট থেকে মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমানকে গ্রেফতার করে সিআইডি পুলিশ।

এর আগে গত ৭ জুন আলোচিত এই হত্যার ঘটনায় গ্রেফতার করা হয় স্থানীয় একটি পত্রিকার ফটোসাংবাদিক ইদ্রিস আলীকে। রিমান্ড শেষে এখন তিনি জেলহাজতে আছেন।

গত ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জেআই