পার্বত্য জেলা বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ পুণরায় চালু হয়েছে। রোববার সকাল থেকে এ জেলা থেকে যান চলাচল শুরু হয়।
টানা বর্ষণের কারণে সড়ক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় গত দুইদিন বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল।
বান্দরবান পরিবহণ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকাল থেকে বান্দরবান-কেরানীহাট সড়কের সুয়ালক এলাকায় বেইলি ব্রিজ দেবে যাওয়ায় এবং বান্দরবান-কেরানীহাট সড়কের দুটি পয়েন্টে সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বান্দরবান পূরবী পরিবহনের ম্যানেজার প্রিয়োতোষ দাশ বলেন, ‘রোববার সকাল হতে বান্দরবান থেকে সব পরিবহণের যান চলাচল শুরু হয়েছে।’
তিনি আরো জানান, বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা টানা কাজ করে দেবে যাওয়া বেইলি ব্রিজটি যান চলাচলের উপযোগী করে তুলেছে।
এ ছাড়া উক্ত সড়ক পথ থেকে পানি নেমে যাওয়ার কারণে যান চলাচল শুরু হয়েছে। তবে বান্দরবানের বালাঘাটা এলাকার পুলপাড়ায় একটি ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বান্দরবান এস আলম পরিবহণের ম্যানেজার আইয়ুব আলী জানান, বান্দরবান থেকে চট্টগ্রাম-ঢাকার উদ্দ্যেশে তাদের গাড়ি ছেড়ে গেছে।
এদিকে বান্দরবানের বিভিন্ন নিন্মাঞ্চল থেকে পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্রে থাকা মানুষেরা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।
এক মাসের ব্যবধানে তিনবার বন্যা এবং পাহাড় ধসে বান্দরবান শহরের দুজন নিহত এবং লামায় ছয় জন নিহত হয়েছেন।
এমকে





